ত্রাসের রাজত্ব শেষ! হাতজোড় করে বাজার ঘুরল কালিয়াচকের ‘ডন’ বকুল শেখ
মালদা: মাদক মামলায় ধৃত কালিয়াচকের প্রাক্তন তৃণমূল নেতা বকুল শেখকে হাতকড়া পরিয়ে ঘোরানো হলো বাজারে
মালদার কালিয়াচকের এক সময়ের দাপুটে নেতা ও নওদা যদুপুর অঞ্চলের প্রাক্তন তৃণমূল সভাপতি বকুল শেখকে বুধবার বিকেলে পুলিশি হেফাজতে নিয়ে বাজার এলাকায় ঘোরানো হয়েছে। মঙ্গলবার একটি মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। একসময় তোলাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকা এই নেতার এমন পরিণতিতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার বিকেলে কালিয়াচক থানার পুলিশ ধৃত বকুল শেখকে নিয়ে জাতীয় সড়ক ও স্থানীয় বাজারের মধ্য দিয়ে নিয়ে যায়। এ সময় বকুল শেখের কোমরে দড়ি বাধা ছিল। একসময় যে নেতার ভয়ে সাধারণ মানুষ তটস্থ থাকতেন, পুলিশি হেফাজতে তাঁকে এভাবে হাঁটতে দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ স্বস্তির কথা জানিয়েছেন। মালদা জেলাজুড়ে পুলিশের এই কঠোর পদক্ষেপ ও ধরপাকড় নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে এখন ব্যাপক আলোচনা চলছে।