তোলাবাজি ও গুন্ডামি রুখতে আসছে কড়া আইন, নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার!

রাজ্যে শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদার করতে নজিরবিহীন কড়া আইন আনতে চলেছে সরকার। আগামী সোমবার রাজ্য বিধানসভায় ‘পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল মেন্টেনেন্স অফ পাবলিক অর্ডার’ বিল পেশ করা হবে। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ, গুন্ডামি দমন এবং তোলাবাজির মাধ্যমে অর্জিত বেআইনি সম্পত্তি ক্রোক করাই এই প্রস্তাবিত বিলগুলির মূল লক্ষ্য। এই আইনের মাধ্যমে অপরাধ দমনে পুলিশ ও প্রশাসনকে আরও শক্তিশালী করা হচ্ছে।

প্রস্তাবিত বিলে ‘গুণ্ডা’ শব্দের স্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে এবং নিয়মিত সিন্ডিকেট চালানো, তোলাবাজি বা সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করার মতো অপরাধে জড়িতদের সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। জামিন অযোগ্য এসব অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা পাবে এবং জেলাশাসক বা পুলিশ কমিশনারের নির্দেশে অভিযুক্তকে আগাম আটক, এক বছর পর্যন্ত এলাকা ছাড়া বা নির্দিষ্ট এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা সম্ভব হবে। তবে আটক ব্যক্তির অধিকার রক্ষায় হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ ‘অ্যাডভাইজারি বোর্ড’ গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে।

সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, জোরপূর্বক সম্পত্তি দখল এবং খনি, বালি বা বনজ সম্পদের বেআইনি কারবারের মাধ্যমে সরকারি রাজস্বের ক্ষতি রোধ করাই এই আইন প্রণয়নের প্রধান কারণ। প্রশাসনের প্রত্যাশা, অপরাধীদের বেআইনি সম্পত্তি ক্রোক এবং কঠোর সাজার বিধান কার্যকর হলে রাজ্যে তোলাবাজি ও সিন্ডিকেট রাজের প্রবণতা কমবে। এছাড়া তল্লাশি ও বাজেয়াপ্ত করার ক্ষেত্রে পুলিশের বাড়তি ক্ষমতা জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে আরও সুসংহত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *