বিজেপির বড় চমক, রাজনীতিতে রাজনাথের ছোট ছেলে!
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ছোট ছেলে নীরজ সিংকে উত্তরপ্রদেশ বিজেপির সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজ্য বিজেপিকে নতুন করে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্য বিজেপির পক্ষ থেকে ১৯ জন সহ-সভাপতির যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নীরজ সিংয়ের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
এই নতুন তালিকায় নীরজ সিংয়ের পাশাপাশি সমাজবাদী পার্টি থেকে বিজেপিতে যোগ দেওয়া পূজা পাল এবং বারাবাঁকির প্রাক্তন সাংসদ প্রিয়াঙ্কা রাওয়াতসহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা স্থান পেয়েছেন। উল্লেখ্য, রাজনাথ সিংয়ের বড় ছেলে পঙ্কজ সিং দীর্ঘদিন উত্তরপ্রদেশ বিজেপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি নয়ডার বিধায়ক। এর আগে নীরজ সিং আনুষ্ঠানিকভাবে কোনো পদ গ্রহণ না করলেও বিজেপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।