৭ দিনের ডেডলাইন, সাহায্যহীন মাদ্রাসার পড়ুয়াদের তথ্য তলব বিকাশ ভবনের!
রাজ্যের অননুমোদিত তথা সরকারি সাহায্যহীন মাদ্রাসাগুলির উপর নজরদারি বাড়াতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ২০২৬ শিক্ষাবর্ষের পড়ুয়াদের ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য আগামী সাতদিনের মধ্যে জমা দেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা অধিকারের তরফে একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের ১৭টি জেলার সংখ্যালঘু কল্যাণ আধিকারিকদের এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিকাশ ভবনের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের এক হাজারেরও বেশি সাহায্যহীন মাদ্রাসার বেশিরভাগই ‘বাংলার শিক্ষা পোর্টালে’ পড়ুয়াদের তথ্য আপলোড করেনি। অনেক মাদ্রাসার নিজস্ব ইউডাইস কোড (UDISE CODE) না থাকায় সরকারের কাছে তাদের কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট টিআইসি-দের নির্দিষ্ট ফরম্যাটে তথ্য পূরণ করে স্বাক্ষরিত হার্ডকপিসহ পিডিএফ ও এক্সেল ফরম্যাটে রিপোর্ট জমা দিতে হবে। প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্তের প্রয়োজনে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানানো হয়েছে।