আরজি কর কাণ্ডে সিবিআইকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের, সরানো হলো তদন্তকারী অফিসার!

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইয়ের তদন্ত নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে সিআইটি (SIT)-এর বর্তমান তদন্তকারী অফিসারকে (IO) অবিলম্বে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, ২০২৪ সালের অক্টোবর মাসে নিম্ন আদালতে চার্জশিট জমা পড়ার পর থেকে এই মামলায় তদন্ত এক চুলও এগোয়নি।

তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআইয়ের জমা দেওয়া প্রতিবেদন খতিয়ে দেখে আদালত ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলে, সিবিআই ডিরেক্টর কি নতুন করে তদন্তের নির্দেশ বুঝতে পারছেন না? আদালত স্পষ্ট জানিয়েছে, বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। নতুন করে তদন্তের নির্দেশ দেওয়ার পরেও কেন কোনো অগ্রগতি হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছে বেঞ্চ। আগামী ৬ আগস্টের মধ্যে সিবিআইকে তদন্তের নতুন অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তভার পরবর্তীতে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয় এবং শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তবে সিবিআইয়ের প্রথম দফার তদন্তে গাফিলতির অভিযোগে নির্যাতিতার পরিবার পুনরায় তদন্তের আবেদন জানালে উচ্চ আদালত সিট গঠন করে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *