বিয়ের চাপে হবু স্বামীকে খুন, পুণের ঘটনায় তোলপাড়!
পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটের সময় কেতন বিশাল আগরওয়ালকে পাহাড় থেকে ফেলে হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত নিহতের বাগদত্তা সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে গ্রেপ্তারের পর এখন পুলিশের তদন্তের আওতায় এসেছে সিয়ার পরিবার। তদন্তে উঠে এসেছে যে, সিয়া বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না এবং পরিবারের ক্রমাগত চাপের মুখেই তিনি কেতনকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন।
প্রাথমিকভাবে ৩৫০ ফুট উঁচু থেকে পড়ে কেতনের মৃত্যুকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হলেও, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে তা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। সিসিটিভি ফুটেজে ৩৩ ডিগ্রি সেলসিয়াস গরমে হুডি পরিহিত এক যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর পুলিশি জেরায় সিয়া ও চেতন অপরাধ স্বীকার করেন। আগামী নভেম্বরে ১৭ কোটি টাকা ব্যয়ে একটি বিলাসবহুল প্রাসাদে বিয়ের পরিকল্পনা ছিল, তবে পারিবারিক চাপ থেকে মুক্তি পেতেই এই দম্পতি এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সিয়ার পরিবারের কোনো প্ররোচনা ছিল কি না, তা যাচাই করছেন তদন্তকারীরা।