বঙ্গোপসাগরে নিম্নচাপের দাপট, কলকাতা সহ জেলায় জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা!
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ গোটা রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, এমনকি ক্ষেত্রবিশেষে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে।
দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে শুক্রবার দক্ষিণবঙ্গের সাতটি জেলা—দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া, বজ্রপাতের ব্যাপক ঝুঁকির কারণে সাধারণ মানুষকে খোলা জায়গায় বা গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।