পেটের দায়ে কাজ করতে গিয়ে ছাদ ধসে প্রাণ গেল ভাটপাড়ার কৃষ্ণর!
June 25, 2026
বুধবার তারাতলায় একটি নির্মীয়মাণ কারখানার ছাদ ধসে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্যতম ভাটপাড়ার পূর্বাশা এলাকার বাসিন্দা কৃষ্ণ চৌধুরী। বছর তিরিশের এই যুবক কয়েক দিন আগেই তারাতলার ওই পাইপলাইন প্রকল্পে ওয়েল্ডিংয়ের কাজে যোগ দিয়েছিলেন। কাজের সময় ছাদ ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণ চৌধুরী আগে ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে কর্মরত ছিলেন। তবে ছয় মাস আগে ছাঁটাই হওয়ার পর পরিবারের ভরণপোষণের তাগিদে তিনি দিনমজুরির বিভিন্ন কাজে যোগ দিতে বাধ্য হন। বৃদ্ধা মা ও ভাইয়ের দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে কৃষ্ণ চৌধুরীর পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট নির্মাণস্থলে শ্রমিকদের সুরক্ষার অভাব এবং নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে।