তারাতলায় ভয়াবহ বিপর্যয়, রাজ্যের সব বাণিজ্যিক নির্মাণে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর!
কলকাতার তারাতলায় বুধবার দুপুরে একটি নির্মীয়মাণ গোডাউন ভেঙে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও ১২ থেকে ১৮ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে সেনা, এনডিআরএফ (NDRF), দমকল এবং কলকাতা পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে। এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জনকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ড্রোন এবং আর্থ মুভার ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।
প্রাথমিক তদন্তে বিল্ডিং প্ল্যানে বড় ধরনের ত্রুটি পাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্যের জরুরি পরিষেবা বাদে সমস্ত বাণিজ্যিক নির্মাণকাজ সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। এই সময়ের মধ্যে প্রতিটি প্রজেক্টের অডিট করা হবে এবং যাদের নথিপত্র ও পরিকল্পনায় কোনো ত্রুটি থাকবে না, তারাই ১ আগস্ট থেকে কাজ পুনরায় শুরু করতে পারবে। শম্ভুনাথ বেহেরা (বেহেরা ব্রাদার্স) নামে যে কন্ট্রাক্টরকে এই কাজের বরাত দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিধানসভায় এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।