মাটিগাড়ায় নাবালিকাকে ৩ মাস আটকে গণধর্ষণ, গ্রেপ্তার তৃণমূল নেতার দুই ছেলে!
শিলিগুড়িতে নাবালিকাকে অপহরণ ও তিন মাস আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই সহোদর
শিলিগুড়ির মাটিগাড়ায় ১৫ বছর বয়সী এক নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে টানা তিন মাস আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার মূল অভিযুক্ত স্থানীয় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই ছেলে। অভিযোগ, অভিযুক্তরা নাবালিকাকে অপহরণের পর নিজেদের বাড়িতে বন্দি রেখে দিনের পর দিন শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে। আইনি জটিলতা এড়াতে অভিযুক্তদের একজন নাবালিকাকে জোর করে বিয়েও করে। নির্যাতিতার পরিবারের দাবি, তারা বারবার মেয়েকে উদ্ধারের চেষ্টা করলেও অভিযুক্তরা বন্দুক ঠেকিয়ে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। দীর্ঘ তিন মাস পর মেয়েটিকে উদ্ধার করে পরিবারের পক্ষ থেকে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ অভিযুক্ত দুই সহোদরকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে পকসো (POCSO) আইন, ধর্ষণ এবং বাল্যবিবাহ প্রতিরোধ আইনে মামলা রুজু করে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এদিকে, ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। বর্তমানে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।