হাই কোর্টে বড় স্বস্তি মিমির, বিজেপি নেতার এফআইআরে কড়া পদক্ষেপ নয়!
প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে করা এফআইআরের ওপর স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাইকোর্ট। বিজেপি নেতা তনয় শাস্ত্রীর দায়ের করা এফআইআরের প্রেক্ষিতে আইনি সুরক্ষা চেয়ে মিমি হাইকোর্টের দ্বারস্থ হলে, বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেয়। ফলে আপাতত অভিনেত্রীর বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে আদালত।
গত ২৫ জানুয়ারি বনগাঁর একটি অনুষ্ঠানে দেরি করে পৌঁছানোকে কেন্দ্র করে এই আইনি বিবাদের সূত্রপাত হয়। অনুষ্ঠান শেষ হওয়ার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় মিমিকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি নেতা তনয় শাস্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে ১২ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হয়ে তনয় শাস্ত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ২০ লক্ষ টাকার মানহানির মামলা দায়ের করেন। আদালতে মিমির ধারাবাহিক অনুপস্থিতির কারণে তনয়ের আইনজীবী চার্জশিট গঠনের আবেদন জানালে অভিনেত্রী হাই কোর্টের সুরক্ষা কবচ চেয়ে আবেদন করেন।