বিজেপি অফিসে ডেকে ২৩ লাখ টাকা দাবি! চরম অপমানে আত্মঘাতী তৃণমূল নেতা
বিজেপি কার্যালয়ে ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকির জেরে তৃণমূল নেতার আত্মহত্যা
বর্ধমান ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং ব্লক তৃণমূল নেতা স্বরূপ রানা বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে বিষপানের পর তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত নেতার পরিবারের অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে জোর করে পার্টির অফিসে ডেকে নিয়ে গিয়ে ৫০ লক্ষ টাকা জরিমানা দাবি করেন এবং পরবর্তীতে ২৩ লক্ষ টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করেন। পরিবারের দাবি, টাকা না দিলে বাড়ি ভাঙচুর ও পরিবারসহ এলাকাছাড়া করার হুমকি দেওয়ায় চরম মানসিক অবসাদে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। স্বরূপ রানা ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত খাদ্য কর্মাধ্যক্ষ এবং ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মৎস্য কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের শাস্তির দাবি উঠেছে। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।