তারাতলায় ভয়াবহ গোডাউন ধস, মৃত ৩, ধ্বংসস্তূপের নিচে আটকে অন্তত ১৮!

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই দুর্ঘটনায় আহতাবস্থায় ১৮ জনকে উদ্ধার করে এসএসকেএমসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও ১২ থেকে ১৮ জন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ পরিচালনার ক্ষেত্রে দুমড়ে-মুচড়ে যাওয়া বিশাল লোহার বিম ও ভারী কাঠামো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), দমকল, কলকাতা পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পরিস্থিতির গুরুত্ব বুঝে সকাল থেকেই প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উদ্ধারকাজ তদারকি করছেন এবং স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকারী দলের নিরবচ্ছিন্ন কাজের সুবিধার্থে তিনি আগে ঘটনাস্থলে উপস্থিত হননি বলে জানান। অগ্নিকাণ্ড ও ধসের এই ঘটনায় ক্ষতিপূরণের বিষয়ে আগামীকাল সকাল ১১টায় বিস্তারিত জানানো হবে এবং বিধানসভায় রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *