জাল আধার কার্ডের রমরমা কারবার! মুর্শিদাবাদে পর্দাফাঁস বাংলাদেশি চক্রের
মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থেকে বেআইনিভাবে আধার কার্ড তৈরির অভিযোগে সামিম আক্তার নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পূর্ব দেবীদাসপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিরিশ বছর বয়সী ওই যুবক ভারতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে বিহারে বসে নিজের ভুয়ো আধার কার্ড তৈরি করেছিল। সে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে আধার কার্ড তৈরির একটি চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ, একাধিক পরিচয়পত্র, নথিপত্র এবং জাল কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই জালিয়াত চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা নিশ্চিত করতে প্রশাসন জোরকদমে তদন্ত শুরু করেছে। এদিকে, রাজ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বিষয়টিও সামনে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, নিয়ম মেনে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং কোনো অনুপ্রবেশকারীকে সরকারি সুবিধা দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।