রক্তের গ্রুপেই কি লুকিয়ে আছে টাইপ ২ ডায়াবেটিসের বিপদ!
খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর জীবনধারা বা বংশগত কারণের পাশাপাশি মানুষের রক্তের গ্রুপকেও টাইপ ২ ডায়াবেটিসের অন্যতম অনুঘটক হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রক্তের গ্রুপ ‘বি’ (B) যুক্ত ব্যক্তিদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি। ৫১টি ভিন্ন গবেষণার প্রায় ৬,৮৭০ জন মানুষের তথ্য পর্যালোচনার মাধ্যমে গবেষকরা এই সম্ভাব্য ঝুঁকির বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, রক্তের গ্রুপ ‘বি’ হলেই ডায়াবেটিস হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এটি মূলত একটি আশঙ্কার ইঙ্গিত মাত্র। কেন এই ব্লাড গ্রুপের মানুষের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি তার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়, তবে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োমের তারতম্যকে এর সম্ভাব্য কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, রক্তের গ্রুপ পরিবর্তন করা সম্ভব নয় বিধায় আতঙ্কিত না হয়ে সুশৃঙ্খল জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা ও সচেতনতার মাধ্যমেই ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলা করা সম্ভব।