৩ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী ‘দাদু’! উত্তপ্ত মহিষাদল

পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সাড়ে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই বৃদ্ধ সম্পর্কে নির্যাতিতা শিশুর প্রতিবেশী এবং ‘দাদু’ পরিচয়ে পরিচিত ছিলেন। মঙ্গলবার রাতে শিশুটিকে ঘোরানোর নাম করে নিয়ে গিয়ে এই পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। নির্যাতিতা শিশুকে গুরুতর অবস্থায় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করেছে।

এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের শাস্তির দাবিতে বুধবার সকালে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের জেরে প্রায় ৪৫ মিনিট যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার অংশুমান সাহা। তিনি বিক্ষোভকারীদের কঠোর আইনি পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে এলাকাটির পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও ঘটনার জেরে চাঞ্চল্য ও চাপা উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *