কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদলের ইঙ্গিত, ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন!

তৃতীয় মোদি সরকারের দুই বছর পূর্তির পরপরই বিজেপি দেশজুড়ে বড় ধরনের সাংগঠনিক ও প্রশাসনিক রদবদলের পথে হাঁটছে। মঙ্গলবার রাজ্যসভার সাংসদ হিসেবে কার্যকালের মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জর্জ কুরিয়েন ইস্তফা দিয়েছেন, যা রাষ্ট্রপতি ভবন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, একই কারণে রেল প্রতিমন্ত্রী রবনীত বিট্টুও দ্রুত ইস্তফা দিতে পারেন। মন্ত্রিসভায় এই আসন্ন পরিবর্তনের জল্পনা আরও জোরালো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাতের পর।

ইস্তফা দেওয়া মন্ত্রীদের নিজ নিজ রাজ্যে সংগঠনের কাজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এর মধ্যে জর্জ কুরিয়েনকে কেরলে দলের ভিত্তি মজবুত করার এবং রবনীত বিট্টুকে পাঞ্জাবের আগামী নির্বাচনে বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া মন্ত্রিসভার একাধিক সদস্যের ভূমিকা খতিয়ে দেখে তাঁদের পদত্যাগ করতে বলা হতে পারে, যাঁদের অনেকের ক্ষেত্রে রাজ্যপাল বা বিদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, প্রতিষ্ঠান বিরোধিতা এড়াতে প্রশাসনে নতুন মুখ আনা এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু রাজ্যে মুখ্যমন্ত্রীদের পারফরম্যান্স যাচাই করে নেতৃত্বে বদল আনার চিন্তাভাবনা করছে গেরুয়া শিবির। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নতুন টিম তৈরির লক্ষ্যকেও এই রদবদলের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *