ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে নিজের দলেই বড় ধাক্কা, সেনেটে ঐতিহাসিক বিল পাস!
ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সেনেটে একটি ঐতিহাসিক বিল পাশ হয়েছে। মঙ্গলবার ৫০-৪৮ ভোটে বিলটি চূড়ান্ত অনুমোদন পায়। এর আগে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও বিলটি পাশ হয়েছিল। মার্কিন ইতিহাসে এই প্রথম যুদ্ধসংক্রান্ত কোনো প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে সফলভাবে পাশ হলো। এই ভোটাভুটিতে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির পাশাপাশি রিপাবলিকান পার্টির চারজন সেনেটর লুইসিয়ানার বিল কাসিডি, আলাস্কার লিসা, মেইনের সুসান কলিন্স এবং কেনটাকির র্যান্ড পল ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন।
যুক্তরাষ্ট্রের ভেতরে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের প্রভাব নিয়ে এই বিলটি পাশ হয়েছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতায় বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, দেশের মাত্র ২৪ শতাংশ মানুষ এই যুদ্ধের পক্ষে রয়েছেন। বিলটিতে প্রেসিডেন্টের ভেটো দেওয়ার ক্ষমতা থাকায় এটি আইন হিসেবে কার্যকর হওয়ার সম্ভাবনা কম। এদিকে সেনেটের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বিলটিকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন এবং তাঁর লক্ষ্য অর্জনে অবিচল থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন।