ভরা বর্ষায় কালবৈশাখীর তাণ্ডব, ঝড়ের দাপটে কাঁপল কলকাতা!

বর্ষাকাল শুরু হলেও প্রচলিত ধারণা নস্যাৎ করে মঙ্গলবার দুপুরে তিলোত্তমায় আছড়ে পড়ল মরশুমের অষ্টম কালবৈশাখী। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ৭৫ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া, ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত এবং ২০০-র বেশি বজ্রপাতে কেঁপে ওঠে কলকাতা। দুপুর ২টো ৪৫ থেকে ৩টে ৪৫ পর্যন্ত হাওড়ার ধূলাগড় থেকে কলকাতার খিদিরপুরের আকাশজুড়ে ১৪ কিলোমিটার উচ্চতার কিউমুলোনিম্বাস মেঘের স্তম্ভ তৈরি হয়, যার ফলে দিনের বেলাতেই সন্ধ্যার অন্ধকার নেমে আসে। এই প্রাকৃতিক দুর্যোগে কলকাতায় অন্তত ৩০টি গাছ ভেঙে পড়ায় যানজট তৈরি হয় এবং রাজ্যজুড়ে বজ্রপাতে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বর্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও টানা বৃষ্টির অভাবে বাতাসে আর্দ্রতা ও ভ্যাপসা গরমের জেরে বায়ুমণ্ডল অস্থির হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেঘের ভেতরে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী বায়ুপ্রবাহের তীব্র সংঘর্ষের কারণেই এই প্রলয়ঙ্করী পরিস্থিতি তৈরি হয়েছিল। আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির এই আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *