৩৩ ডিগ্রিতে হুডি আর হেডসেট! প্রেমিকের কোন ভুলে ফাঁস পুণের ব্যবসায়ীর খুনের ছক?
পুণেতে লোহাগড় দুর্গে ট্রেকিংয়ের সময় ২৬ বছর বয়সি ব্যবসায়ী কেতন আগরওয়ালের মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। প্রাথমিকভাবে এটি নিছক দুর্ঘটনা বলে মনে হলেও, পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এটি একটি পূর্বপরিকল্পিত খুনের ঘটনা। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কেতনের হবু স্ত্রী সিয়া গোয়াল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরির ষড়যন্ত্র ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
তদন্তের সময় দুর্গের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের সন্দেহ বাড়ে। ফুটেজে দেখা যায়, ৩৩ ডিগ্রি সেলসিয়াস গরমে হুডি ও শর্টস পরিহিত এক যুবক কেতন ও সিয়ার পিছু নিচ্ছেন। সেই যুবক সিয়ার প্রেমিক ২২ বছর বয়সি চেতন চৌধুরি বলে শনাক্ত করে পুলিশ। তদন্তে জানা যায়, কেতনের সঙ্গে বাগদান সম্পন্ন হলেও সিয়া এই বিয়েতে অনিচ্ছুক ছিলেন। এই বিবাদ থেকেই প্রেমিককে সঙ্গে নিয়ে কেতনকে খুনের ছক কষেন সিয়া। ঘটনার পর পুলিশ সিয়া গোয়াল ও চেতন চৌধুরির বিরুদ্ধে খুনের মামলা রুজু করে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।