মহরমের মিছিলে কড়া নিয়ম, অস্ত্র ও ডিজে নিষিদ্ধ করলো লালবাজার!
আগামী ২৬ জুন, শুক্রবার পবিত্র মহরম উপলক্ষে শহরে শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহরমের মিছিলে কোনো অবস্থাতেই অস্ত্র বা ডিজে ব্যবহার করা যাবে না। এছাড়া, ঐতিহ্যের বাইরে নতুন করে কোনো শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না এবং মিছিল থেকে কোনো প্রকার উসকানিমূলক বার্তা বা স্লোগান দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ আরও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে রয়েছে, মিছিলের জন্য ব্যবহৃত তাজিয়ার উচ্চতা সীমিত রাখা, যাতে রাস্তায় থাকা বিদ্যুতের তার বা কেবল লাইনের কোনো ক্ষতি না হয়। পাশাপাশি, শব্দদূষণ রোধে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট শব্দসীমা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে শুক্রবার শহরজুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে এবং প্রতিটি শোভাযাত্রার রুট ও সার্বিক পরিস্থিতির ওপর লালবাজার কড়া নজরদারি চালাবে।