প্রতিষ্ঠাবার্ষিকীর আগে রাজপথে আওয়ামী লীগ, তারেকের বাংলাদেশে কি তবে হাসিনার দলের পুনর্জাগরণ!
আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে ঢাকা ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে আকস্মিক ঝটিকা মিছিল বের করেছে দলটির নেতা-কর্মীরা। দীর্ঘ দুই বছর নিষিদ্ধ থাকার পর রাজপথে দলটির এই হঠাৎ উপস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষকরা সম্ভাব্য পুনর্জাগরণের ইঙ্গিত হিসেবে দেখছেন। এদিকে, এই মিছিলগুলোকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দলটির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্যেও মোহাম্মদপুর ও ফেনীতে মিছিল বের করলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের খণ্ডযুদ্ধ বাঁধে। উদ্ভূত পরিস্থিতিতে মোহাম্মদপুর থেকে ১০ জন এবং ফেনী থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহম্মদ ফৌজুল আজিম জানিয়েছেন, এ ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা রুজু করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে নিষিদ্ধ হওয়ার পর নিজেদের হারানো রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারে দলটি তৎপর হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।