বাজেটে কি ১০% বাড়ছে মহার্ঘ ভাতা? সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!

কলকাতা: রাজ্যের ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা সত্ত্বেও সোমবার বিধানসভায় ২০২৬-২৭ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন সরকারের এই প্রথম বাজেটে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় ঘোষণার প্রতীক্ষায় রয়েছে রাজ্য। বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় হারে ডিএ-র মধ্যে ৩৬ শতাংশের ফারাক রয়েছে। নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি পূরণের লক্ষ্যে সরকার আজ কোনো বড় পদক্ষেপ নেয় কি না, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

নবান্ন সূত্রের খবর, রাজকোষের চাপের মধ্যেও অর্থমন্ত্রী বাজেটে ১০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারেন। অন্যদিকে, দীর্ঘদিনের আন্দোলনরত ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ ১৫ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করছে। একই সঙ্গে, মঞ্চের পক্ষ থেকে বকেয়া ডিএ দ্রুত মেটানো, নতুন শূন্যপদ ঘোষণা এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। সামাজিক প্রকল্পের দায়ভার ও ঋণের পাহাড় সামলে সরকার আজ কীভাবে এই দাবিগুলোর সমাধান করে, বাজেট বক্তৃতায় সেই দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *