জামাইষষ্ঠীর দিনে শাশুড়িকে কুপিয়ে খুনের চেষ্টা, রক্তারক্তি কাণ্ড চেতলায়!
শনিবার জামাইষষ্ঠীর দিন দক্ষিণ কলকাতার চেতলায় পারিবারিক বিবাদের জেরে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল জামাই প্রশান্ত মণ্ডলের বিরুদ্ধে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে শাশুড়ি মিনতি ঘোষের কাছে নালিশ জানাতে গিয়ে এই ভয়াবহ ঘটনার সূত্রপাত হয়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় মিনতি দেবী হাসপাতালে চিকিৎসাধীন এবং অভিযুক্ত প্রশান্ত মণ্ডলকে গ্রেপ্তার করেছে চেতলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দশ বছর আগে প্রশান্তের সঙ্গে মিনতি দেবীর মেয়ের বিয়ে হয়েছিল। বছর খানেক আগে থেকে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দম্পতির মধ্যে অশান্তি চলছিল। শনিবার জামাইষষ্ঠীর দিনে শ্বশুরবাড়িতে গিয়ে প্রশান্ত স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানালে মিনতি দেবী তা মানতে অস্বীকার করেন এবং জামাইকে এ বিষয়ে কথা বলতে নিষেধ করেন। এই নিয়ে তর্কের এক পর্যায়ে প্রশান্ত ছুরি দিয়ে শাশুড়ির ওপর হামলা চালায়। পরে মিনতি দেবীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।