সুইৎজ্যারল্যান্ডের রুদ্ধদ্বার বৈঠকে ঐতিহাসিক সমঝোতা, আমেরিকা ও ইরানের ৫ বড় প্রাপ্তি কী!
দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে সুইৎজ্যারল্যান্ডে আমেরিকা ও ইরানের মধ্যকার প্রথম দফার ঐতিহাসিক শান্তিবৈঠক সমাপ্ত হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্ব দেন। সোমবার প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত ও স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য নির্দিষ্ট কর্মপদ্ধতিতে সম্মত হয়েছে। আলোচনার শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের জেরে উত্তজেনা সৃষ্টি হলেও, মধ্যস্থতাকারী দেশগুলোর কূটনৈতিক তৎপরতায় তা নিরসন করা সম্ভব হয়।
আলোচনা থেকে পাঁচটি বড় সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে, যার মধ্যে রয়েছে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি গঠন এবং লেবাননে সংঘাত নিরসনে একটি বহুপাক্ষিক সেল তৈরি করা। এছাড়া হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে সরাসরি যোগাযোগের বিশেষ চ্যানেল চালু, ইরানের ওপর মার্কিন অবরোধে ছাড় ও আটকে থাকা তহবিল মুক্ত করার নিশ্চয়তা এবং পারমাণবিক কার্যক্রম নিয়ে কারিগরি আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখা এবং পশ্চিম এশিয়ায় শান্তি ফিরিয়ে আনার পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।