শ্যামাপ্রসাদের জন্মদিনে রাজ্যে ছুটি, ১২৫ ফুটের মূর্তি গড়ার মেগা ঘোষণা!
শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটির ঘোষণা রাজ্য বাজেটে, বরাদ্দ ২০০ কোটি টাকা
কলকাতা: নবগঠিত রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ৬ জুলাই থেকে রাজ্যে সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে। সোমবার বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতির সম্মানে রাজ্যে ১২৫ কোটি টাকা ব্যয়ে ১২৫ ফুট উঁচু একটি বিশালাকার মূর্তি তৈরি করা হবে। পাশাপাশি, তাঁর পৈতৃক ভিটে জিরাটে অধিগ্রহণ করে সেখানে লাইব্রেরি, পার্ক ও স্মৃতিসৌধ নির্মাণের জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী, আগামী ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ সাড়ম্বরে পালন করা হবে। উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার রূপকার হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করে জানান, দেশভাগের সময় তাঁর উদ্যোগেই পশ্চিমবঙ্গ পাকিস্তানভুক্ত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিল।