প্রবীণ বাম নেতার দুয়ারে প্রসেনজিৎ, হঠাৎ কেন গেলেন বিমানে?
‘অভিমান’ ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই নিজের আসন্ন ছবি ‘অনেকদিন পর’-এর প্রচারে অভিনব চমক দিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগামী ২৬ জুন মুক্তি পেতে যাওয়া এই ছবিটির বিশেষ প্রদর্শনীর জন্য বর্ষীয়ান বাম নেতা বিমান বসুর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সৌরভ পালোধিও।
বিমান বসুর সঙ্গে এই সাক্ষাতের বিষয়টি প্রসেনজিৎ ও সৌরভ দুজনেই তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। প্রসেনজিৎ জানিয়েছেন, বিমান বসুর মতো একজন সিনেমাপ্রেমী মানুষের কাছে ছবিটি নিয়ে যাওয়ার বিষয়টি তাঁদের জন্য আনন্দের। পরিচালক সৌরভ পালোধিও জানান, সিনেমা নিয়ে বিমান বসুর গভীর আগ্রহের কথা মাথায় রেখেই তাঁকে এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। ছবিটির প্রচারের ক্ষেত্রে প্রথাগত মাধ্যমের বাইরে গিয়ে প্রভাবশালী ও রুচিশীল মহলের দৃষ্টি আকর্ষণ করাই নির্মাতাদের মূল লক্ষ্য।