উত্তরবঙ্গে দুর্যোগের সতর্কতা! কলকাতায় কবে নামবে বৃষ্টি?

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সোমবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিশেষ করে সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এবং শনি ও রবিবার উত্তরের পাঁচ জেলাতেই প্রবল বর্ষণের জন্য ‘রেড অ্যালার্ট’ বা লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে ওই অঞ্চলগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও আগামী সাত দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদদের মতে, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং পূর্ব বিহার থেকে উপকূলীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত অপর একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এই জোড়া অক্ষরেখার সক্রিয়তার কারণেই উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ পরিস্থিতি তীব্রতর হয়েছে। তবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানে উত্তরবঙ্গের তুলনায় বৃষ্টির পরিমাণ কম হলেও জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা ও হুগলিতে বুধবার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়ায় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে এই আবহাওয়ার প্রভাবে তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *