মোদীর ৬০ হাজার কোটির মেগা প্যাকেজ, শুভেন্দুর প্রথম বাজেটে আর কী কী চমক!
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর সোমবার প্রথম বাজেট পেশ করতে চলেছে বিজেপি সরকার। এই ঐতিহাসিক বাজেটের প্রাক্কালে রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য প্রায় ৬০ হাজার কোটি টাকার একটি মেগা প্যাকেজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলার সমৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সবরকম সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে রাজ্যের পরিকাঠামো ও জল জীবন মিশনের জন্য ৪০ হাজার কোটি এবং রেলের উন্নয়নে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
রাজ্যকে এশিয়ার অন্যতম সেরা মহানগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি মৎস্যচাষ, খাদ্য প্রক্রিয়াকরণ, ডিজিটাল অর্থনীতি ও পর্যটন শিল্পের বিকাশে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া আধুনিক সেচ ও কৃষিখাতের উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) এবং বেতন কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। রাজ্যের প্রায় ৭.৬ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা সামলে নতুন সরকার কীভাবে আর্থিক ভারসাম্য বজায় রেখে এই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে, সোমবার বিধানসভায় বাজেট পেশের সময় সেটিই হবে মূল আলোচ্য বিষয়।