বৌদির সঙ্গে পরকীয়ার বলি দাদা, ২৪ ঘণ্টায় রহস্যভেদ করল পুলিশ!
উত্তরপ্রদেশের আগ্রায় বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে আপন দাদাকে খুনের অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে। গত বুধবার সুলতানপুরা এলাকার একটি মাঠের ধার থেকে ৩২ বছর বয়সী সোলু নামে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্যভেদ করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রীর ভূমিকাও প্রমাণিত হওয়ায় তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে, মাত্র তিন মাস আগে সোলুর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তাঁর স্ত্রীর সঙ্গে ছোট ভাই ভোলার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সোলু বিষয়টি জেনে ফেলায় পারিবারিক অশান্তি শুরু হয়। নিজেদের সম্পর্কের পথের কাঁটা সরাতে সোলুর স্ত্রী ও ভাই মিলে তাঁকে পরিকল্পিতভাবে খুন করে দেহটি মাঠের ধারে ফেলে দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করার পর ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে আগ্রার সদর বাজার থানা।