পাম্প হাউসে লুকিয়েও রক্ষা নেই, দেড় মাস পর তৃণমূল নেতাকে টেনে বের করে গণধোলাই!
June 21, 2026
কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের বাকলা এলাকার এক তৃণমূল নেতাকে রবিবার দেড় মাস পর খুঁজে বের করে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত ওই নেতা আত্মগোপন করে কোচবিহারের বক্সিরহাটের টাটেরকুঠি এলাকায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি পাম্প হাউসে লুকিয়ে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয়রা সেখানে চড়াও হয়ে তাঁকে টেনে-হিঁচড়ে বের করে বেধড়ক মারধর করেন।
খবর পেয়ে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে। বর্তমানে তাঁকে বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।