ফের বিপাকে অভিষেকের পিএ সুমিত, চাকরি মামলার জালে নয়া মোড়!
চাকরি বিক্রির নামে প্রতারণার মামলায় নাম জড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার একটি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) সুমিত রায়ের নাম যুক্ত করল পুলিশ। জমি জালিয়াতি ও মাটি চুরির অভিযোগে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সিআইডির লুকআউট নোটিস জারি রয়েছে। এর মধ্যেই নতুন করে এই প্রতারণার ঘটনায় নাম জড়ানোয় সুমিত রায়ের আইনি সংকট আরও ঘনীভূত হলো।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালে ত্রিলোচনপুরের বাসিন্দা প্রসেনজিৎ রায়কে সরকারি পদে চাকরির প্রলোভন দেখিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে। অভিযোগকারী প্রসেনজিৎ রায়ের দাবি, সুজয় হাজরা তাঁকে হাওড়ার নলপুরের বাসিন্দা ও নিজেকে ‘নবান্নের কর্মী’ পরিচয় দেওয়া আশিক নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরবর্তীকালে ওই ব্যক্তি দাবি করেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে টাকা না দিলে চাকরি পাওয়া সম্ভব নয়। অভিযোগ, বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন ও খাদ্য ভবনে নিয়ে গিয়ে ভুয়ো মেডিক্যাল টেস্টও করানো হয়েছিল। শেষ পর্যন্ত চাকরি না মেলায় এবং টাকা উদ্ধার না হওয়ায় দায়ের করা এফআইআর-এ তদন্তকারী পুলিশ সুমিত রায়ের নাম যুক্ত করেছে।