দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস, পুলিশের খাঁচায় ৪ কারবারি!
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল লটারি টিকিটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামাদামা বাজার এলাকা থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম খোকন বিশ্বাস, হারান বিশ্বাস, বাবুর আলি মোল্লা ও নাসির মণ্ডল। দীর্ঘদিন ধরে এলাকায় চলে আসা এই বেআইনি চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে পুলিশি তল্লাশি শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দেগঙ্গার বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে এই ভুয়ো লটারির কারবার চললেও আগে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর প্রশাসন তৎপর হয় এবং এই অভিযান চালায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধৃত ব্যক্তিরা এই চক্রের খুচরো বিক্রেতা হতে পারেন এবং এর পেছনে কোনো বড় আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক চক্রের যোগসূত্র থাকতে পারে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জাল টিকিট ছাপানোর উৎস ও মূল চক্রীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।