লক্ষ্মীর ফর্মেই কি মিলবে অন্নপূর্ণা? সরকারি ওয়েবসাইট ঘিরে তুঙ্গে বিভ্রান্তি!
পুরনো ফর্মে বিভ্রান্তি, অন্নপূর্ণা যোজনা নিয়ে ধোঁয়াশায় রাজ্যের মহিলারা
কলকাতা: রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের ঘোষিত ‘অন্নপূর্ণা যোজনা’ চালু হলেও তা ঘিরে সাধারণ মহিলাদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকার গঠনের দেড় মাস পেরিয়ে গেলেও নারী ও শিশুকল্যাণ দফতরের সরকারি ওয়েবসাইটে এখনও আগের সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ফর্ম ডাউনলোড করার সুযোগ রয়েছে। এই পুরনো ফর্মটিকেই নতুন প্রকল্পের আবেদনপত্র ভেবে বহু মহিলা তা পূরণ করছেন, যার ফলে প্রশাসনিক স্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
সরকারি ওয়েবসাইটে থাকা এই গুরুতর বিভ্রাটের বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বিষয়টি নিয়ে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, ওয়েবসাইটে এ ধরনের পুরনো ফর্ম থাকার কথা নয়। কেন এমনটি ঘটেছে, তা খতিয়ে দেখে অবিলম্বে ওয়েবসাইট থেকে পুরনো ফর্ম সরিয়ে ফেলে বিভ্রান্তি দূর করার আশ্বাস দিয়েছেন তিনি।