মার্কিন অবরোধ তুলেও ফের হরমুজ ঘিরে ইরান, তবে কি ভেস্তে গেল বহু প্রতীক্ষিত শান্তি চুক্তি?
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফার শান্তি চুক্তি ৪৮ ঘণ্টার ব্যবধানে অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার পরপরই, শুক্রবার তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার সমঝোতা বজায় থাকা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।
এই পরিস্থিতির পেছনে মূল কারণ হিসেবে ইজরায়েলের আগ্রাসী ভূমিকাকে চিহ্নিত করা হয়েছে। বুধবার সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও লেবাননে ইজরায়েলি বাহিনীর অবিরাম হামলা ও বোমাবর্ষণে তেহরান তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ট্রাম্প প্রশাসন ইজরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায়, ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেয়। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই জ্বালানি তেল পরিবহন পথ বন্ধ হওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে।