তৃতীয়বার ছাদনাতলায় আমির, ৫ জুলাই গৌরীর সঙ্গে গাঁটছড়া!
আগামী ৫ জুলাই দীর্ঘদিনের পার্টনার গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান। ৬১ বছর বয়সী অভিনেতার এটি তৃতীয় বিয়ে। কোনো রাজকীয় বা জমকালো আয়োজন নয়, বরং দুই পরিবার এবং হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে বাড়িতেই আইনি রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। সম্পর্কটিকে সহজ রাখতে ব্যক্তিগত পছন্দেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আমির।
বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাট মূলত ওয়েলনেস এবং বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তাঁর দাদু ফিলিপ স্প্র্যাট ব্রিটিশ বংশোদ্ভূত হওয়ার পরও ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। গৌরীর এটি দ্বিতীয় বিয়ে এবং তাঁর সাত বছর বয়সী কুইন নামের এক সন্তান রয়েছে। উল্লেখ্য, এর আগে রিনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে আমিরের দীর্ঘ সংসার জীবন ছিল। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটলেও আমিরের সম্পর্ক আজও বন্ধুত্বপূর্ণ এবং তাঁরা যৌথভাবেই সন্তানদের দায়িত্ব পালন করছেন।