২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে আইনি জট, মমতা ও অভিষেককে তলব হাইকোর্টের!
গত বছরের ২১ জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের ‘শহীদ দিবস’ সমাবেশে প্রধান রাস্তা অবরুদ্ধ করার অভিযোগে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ প্রদান করে। আদালত আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
শ্রীকান্ত দত্ত নামে এক ব্যক্তির দায়ের করা পিটিশনের ভিত্তিতে এই মামলাটি শুরু হয়েছে। মামলাকারীর অভিযোগ, গত বছরের ওই সমাবেশে কলকাতার প্রধান ও সংযোগকারী রাস্তা সম্পূর্ণরূপে অবরুদ্ধ ছিল, যা ২০১৮ সালে হাইকোর্টের দেওয়া একটি নির্দেশিকার লঙ্ঘন। ২০১৮ সালের ওই নির্দেশিকায় বলা হয়েছিল, রাজনৈতিক সমাবেশের ক্ষেত্রে রাস্তার একাংশ খোলা রাখতে হবে যাতে সাধারণ মানুষ ও জরুরি পরিষেবা নির্বিঘ্নে চলাচল করতে পারে। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার স্মরণে তৃণমূল কংগ্রেস প্রতি বছর এই সমাবেশের আয়োজন করে থাকে, তবে আদালতের এই নোটিশ দলটির শীর্ষ নেতৃত্বের জন্য আইনি চ্যালেঞ্জ তৈরি করেছে।