মেসির সেই বিতর্কিত ফাউল, লাল কার্ড না দেওয়ায় ফিফায় নালিশ আলজেরিয়ার!
আলজেরিয়ার বিপক্ষে ফুটবল ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির এক বিতর্কিত ফাউল নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ম্যাচে মেসি প্রতিপক্ষ খেলোয়াড় আইসা মান্ডিকে বিপজ্জনকভাবে ফাউল করার পরও কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এবং ভিএআর (VAR) প্রযুক্তি ব্যবহার না করায় পোল্যান্ডের রেফারি সিমন মার্সিনিয়াক ও তার সহযোগীদের বিরুদ্ধে সরাসরি ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে আলজেরিয়া ফুটবল ফেডারেশন।
ম্যাচের একপর্যায়ে মেসির বুটের স্টাড সরাসরি মান্ডির কাফ মাসল ও আখিলিস টেন্ডনের মাঝামাঝি আঘাত করলেও রেফারি তাকে কোনো কার্ড দেখাননি। এছাড়া অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কর্তৃক প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করার ঘটনাতেও রেফারির নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। আলজেরীয় তারকা রিয়াদ মাহারেজসহ দেশটির ফুটবল ফেডারেশন এই অন্যায্য সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। তারা দাবি করেছে, এমন অন্তত তিনটি ঘটনায় রেফারির শৈথিল্য ছিল স্পষ্ট, যা চলমান বিশ্বকাপে রেফারিংয়ের নিরপেক্ষতা এবং তারকা খেলোয়াড়দের প্রতি কথিত পক্ষপাতিত্ব নিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।