ড্রাগনের মোকাবিলায় তৈরি ভারত, অরুণাচল সীমান্তে চূড়ান্ত সতর্কবার্তা!
তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের গতি বাড়িয়েছে চীন। নদীটি ভারতের অরুণাচল প্রদেশে সিয়াং এবং আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত। ভারতের সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে এই বাঁধ নির্মাণের খবরে দিল্লির কৌশলগত উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত সরকার অরুণাচলে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা ব্যয়ে ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রোজেক্ট’ (SUMP) বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করেছে। ১১,০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে তা ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রে পরিণত হবে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, চীনের এই বাঁধ নদীর স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত করতে পারে, যা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কৃষি ও অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী সংকটের কারণ হতে পারে। এছাড়া কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সৃষ্টি হলে চীন জলপ্রবাহকে রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে বিশ্লেষক ও ভারত সরকার মনে করছে। ভারতের প্রস্তাবিত নতুন প্রকল্পটি শুধু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই নয়, বরং চীনের বাঁধের কারণে হওয়া বন্যার নিয়ন্ত্রণ এবং নিম্ন অববাহিকায় জলের প্রবাহ স্বাভাবিক রাখার কৌশলগত উদ্দেশ্য নিয়েও নকশা করা হচ্ছে।