স্মার্ট মিটারের চাপে অস্থির সরকারি কর্মীরা, হাইকোর্টে দায়ের মামলা!
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের আবাসনে বাধ্যতামূলকভাবে স্মার্ট বিদ্যুৎ মিটার বসানোর সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে সিপিএম-সমর্থিত কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে বেআইনি দাবি করে দায়ের করা এই মামলার প্রাথমিক শুনানির জন্য আগামী ২৩ জুন দিন ধার্য করেছেন বিচারপতি অমৃতা সিন্হার একক বেঞ্চ।
সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন দফতর ও প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, সরকারি কর্মী, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের আবাসনে দ্রুত স্মার্ট মিটার বসাতে হবে। এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করে মামলাকারীদের আইনজীবী সাগরিকা গোস্বামীর মাধ্যমে আদালতে আবেদন জানানো হয়েছে, যাতে সরকারি কর্তৃপক্ষকে আইন ও জনস্বার্থ মেনে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হয়। কর্মচারী সংগঠনগুলোর অভিযোগ, বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) না পাওয়ার পাশাপাশি এখন এই নতুন নীতি কর্মীদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে। তাদের মতে, স্মার্ট মিটার জনমুখী হলে তা সাধারণ মানুষ স্বেচ্ছায় গ্রহণ করত।