সীমান্তে ভারতের আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ঢাকা, পুড়ল শাহ ও শুভেন্দুর কুশপুতুল!

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে সীমান্তে সাধারণ মানুষকে জোরপূর্বক পুশ-ইন বা ঠেলে পাঠানোর প্রতিবাদে শুক্রবার রাতে ঢাকায় বিক্ষোভ করেছে ‘বাংলাদেশ আজাদ পার্টি’। সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল মহাখালীর আমতলী থেকে গুলশান-১ পর্যন্ত গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের নেতৃত্বাধীন এই দলটির সমাবেশ থেকে ভারতের তথাকথিত আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিগত মাসখানেক ধরে সীমান্তজুড়ে চলা এই পুশ-ইন প্রক্রিয়ার কারণে তীব্র উত্তজনা ও মানবিক সংকট তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উপযুক্ত নথিপত্র ছাড়াই বিএসএফ অনেককে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে, যা বিজিবি রুখে দিচ্ছে। এই বিপরীতমুখী অবস্থানের ফলে অনেক মানুষ নো-ম্যানস ল্যান্ডে মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিষয়টিতে কূটনৈতিক মাধ্যমে তীব্র আপত্তি জানানো হয়েছে এবং জোরপূর্বক পুশ-ইন কোনো বৈধ প্রক্রিয়া হতে পারে না।

এই কূটনৈতিক সংকটে রাজনৈতিক উত্তাপও বাড়ছে, যেখানে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দল সরকারের ভূমিকার সমালোচনা করছে। অন্যদিকে ভারত সরকারের দাবি, তাদের ভূখণ্ডে থাকা চিহ্নিত অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য ঢাকার কাছে বারবার নথিপত্র চেয়েও সদুত্তর পাওয়া যায়নি। এই অচলাবস্থার কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সীমান্ত নিরাপত্তার ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার আগেই এই সংকটের মুখোমুখি হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *