বিরোধী দলনেতা বিতর্কে নয়া মোড়, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ শোভনদেব!
রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর নেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে এর আগে তিনি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আবেদন করেছিলেন। তবে বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চ স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করে এবং আগামী ২৮ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে। সেই নির্দেশের অপেক্ষা না করে শুক্রবারই বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে শোভনদেব চট্টোপাধ্যায় নতুন করে মামলাটি দায়ের করেছেন, যার শুনানি আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে সই জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক বিভাজনকে ঘিরেই এই আইনি লড়াইয়ের সূত্রপাত। দল কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ায় বিধানসভার স্বাভাবিক কাজকর্ম ও তৃণমূলের অভ্যন্তরীণ সংকটের বিষয়টি নতুন করে সামনে এসেছে। বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্পিকার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ায় মূল দলের অস্বস্তি বেড়েছে। এখন ডিভিশন বেঞ্চের রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।