বলিউডে কোণঠাসা রণবীরের ১৮ মাসের নীরবতা, কী ঘটছে অন্দরে?
‘ধুরন্ধর’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করলেও বর্তমানে একাধিক বিতর্কের মুখে পড়েছেন রণবীর সিং। পরিস্থিতি সামাল দিতে আগামী ১৮ মাস সংবাদমাধ্যমের মুখোমুখি না হওয়ার এবং সম্পূর্ণ নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি বলিউডের এক প্রখ্যাত সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি নিজের এই কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
রণবীরের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে ‘ডন ৩’ সিনেমা নিয়ে পরিচালক ফারহান আখতারের সঙ্গে তার দ্বন্দ্বকে দায়ী করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সিনেমাটির অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পরও শেষ মুহূর্তে শুটিং থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, যার ফলে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ তার বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করেছে। এছাড়া ‘কান্তারা’ মামলা সংক্রান্ত আইনি জটিলতাও তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপাতত নেতিবাচকতা থেকে দূরে থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকা পাড়ুকোনের দেখাশোনা এবং পরবর্তী সিনেমা ‘প্রলয়’-এর প্রস্তুতির দিকেই সম্পূর্ণ মনোযোগ দেওয়ার পরিকল্পনা করেছেন এই তারকা।