কয়লা পাচার কাণ্ডে ইডির জালে প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল!

দীর্ঘদিন জিজ্ঞাসাবাদের এড়ানোর পর অবশেষে কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। বর্তমানে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসবি দপ্তরে কর্মরত এই পুলিশ আধিকারিক বৃহস্পতিবার কলকাতার সিজিও কমপ্লেক্সে তলব পেয়ে হাজিরা দিতে যান। সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, বারাবনি থানায় কর্মরত থাকাকালীন অভিযুক্ত পুলিশ আধিকারিক কয়লা পাচারকারীদের সঙ্গে আঁতাত গড়ে তুলেছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিপুল পরিমাণ ‘প্রোটেকশন মানি’ বা ঘুষ নিয়ে তিনি পাচারকারীদের সুরক্ষা দিতেন এবং পাচারের মূল চক্রীদের কাছে বেআইনি টাকা পৌঁছে দিতেন। চলতি বছরের মার্চ মাসে তাঁর দুর্গাপুরের আবাসনে তল্লাশি চালিয়েও তাঁকে পায়নি কেন্দ্রীয় সংস্থা। এই গ্রেফতারির ফলে কয়লা পাচার চক্রের সঙ্গে প্রশাসনিক যোগসাজশের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে এবং তদন্তের জাল আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *