আরজি করের পর ফের ভয়ংকর কাণ্ড, জওয়ানের বিরুদ্ধেই ধর্ষণ ও ব্ল্যাকমেলের চাঞ্চল্যকর অভিযোগ!
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান পারুল আহমেদের বিরুদ্ধে এক তরুণীকে লাগাতার ধর্ষণ ও ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে রাজারহাট-নারায়ণপুর থানার পুলিশ। হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধেই এমন গুরুতর অভিযোগ ওঠায় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, মায়ের চিকিৎসার সূত্রে হাসপাতালে আসা ওই তরুণীর সাথে জওয়ান পারুল আহমেদের পরিচয় হয়। এরপর বিশ্বাসের সুযোগ নিয়ে তরুণীকে চিনার পার্কের একটি হোটেলে ডেকে মাদক খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ ও তার আপত্তিকর ভিডিও রেকর্ড করেন অভিযুক্ত। পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে দিনের পর দিন শারীরিক নির্যাতন ও ব্ল্যাকমেল করা হয়েছে। গত ৯ জুন তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ঘটনার তদন্তে হোটেলের বিভিন্ন সামগ্রী ও অভিযুক্তের ইউনিফর্ম ফরেনসিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করেছে। এ বিষয়ে সিআইএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিকদেরও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।