রাজ্যে চিকিৎসার ম হালুয়া, ৪ জেলায় নতুন মেডিক্যাল কলেজ চালুর সুখবর!
রাজ্যের সরকারি চিকিৎসা পরিকাঠামো ও পঠনপাঠনের মানোন্নয়নে কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় নতুন সরকারি মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনা করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। প্রাথমিক পর্যায়ে দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমান জেলায় ১০০টি করে এমবিবিএস আসন-সহ তিনটি মেডিক্যাল কলেজ গড়ার কাজ শুরু হয়েছে। প্রকল্পটির জন্য উপযুক্ত জমি ও পরিকাঠামো চিহ্নিত করতে পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলাগুলোর মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।
নতুন এই কলেজগুলোর জন্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ শুরু হয়েছে। জাতীয় মেডিক্যাল কমিশনের নিয়ম অনুযায়ী, নতুন কলেজ, টিচিং হাসপাতাল ও হোস্টেল একই চত্বরে অথবা ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে দুটি পৃথক ক্যাম্পাসে গড়ে তোলা যাবে। এক্ষেত্রে টিচিং হাসপাতালে অন্তত ৪২০টি শয্যা এবং বছরজুড়ে ৮০ শতাংশ বেড অকুপেন্সি থাকা বাধ্যতামূলক। পর্যাপ্ত জমির অভাব থাকলে জেলা স্বাস্থ্য কর্তাদের ১০ কিলোমিটারের মধ্যে প্রায় ২০ একর সরকারি জমি চিহ্নিত করতে বলা হয়েছে।
এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে প্রান্তিক জেলাগুলোতে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছাবে এবং রাজ্যে এমবিবিএস আসনের সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া রাজ্য সরকার গ্রামীণ ও জেলা স্তরের স্বাস্থ্য পরিষেবার মান বাড়াতে পাতিপুকুর টিবি হাসপাতালের অধিগ্রহণ, আইআইটি খড়গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তর, নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির ও ২০০টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার মতো কর্মসূচি গ্রহণ করেছে।