মোদীকে নিয়ে শুভেন্দুর বার্তা কি যোগের ইঙ্গিত?
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন কলকাতার রেড রোডে এক মেগা অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। টানা ১২ বছর পর পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে এই উদযাপনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, যোগচর্চা কারো ওপর চাপিয়ে দেওয়ার বিষয় নয়, বরং রাজ্যের মাটি থেকে শুরু হওয়া যোগের পুরোনো গৌরব ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদব।
রেড রোডে আয়োজিত এই কর্মসূচির স্থান নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলেও আদালত তাতে স্থগিতাদেশ দেয়নি। পরিবর্তে জনস্বার্থ রক্ষার্থে পুলিশকে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের প্রোটোকল মেনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে প্রায় ৩৮ হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন। আগামী ২১ জুন সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে অংশগ্রহণকারীদের অনুষ্ঠানস্থলে পৌঁছাতে হবে। মূল মঞ্চের সামনে ৩৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে এবং সব মিলিয়ে কয়েক লক্ষ মানুষের উপস্থিতির আশা করছে প্রশাসন।