দলীয় কার্যালয়ে বেডরুম! মুখ খুললেন দেবাংশু ভট্টাচার্য
রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে বিলাসবহুল বেডরুম ও থাকার ব্যবস্থার খোঁজ মেলায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবন থেকে শুরু করে বাঁকুড়ার ইন্দাস—বিভিন্ন কার্যালয়ে খাট, আলমারি ও তোষক-গদিসমৃদ্ধ শোওয়ার ঘরের উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন অভিযানে এই ধরনের আসবাব ও বিলাসবহুল কক্ষের ছবি প্রকাশ্যে আসায় বিরোধী পক্ষ একে রাজনৈতিক দুর্নীতির অংশ হিসেবে দাবি করে শাসক দলের তীব্র সমালোচনা করছে।
এই বিতর্কের প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন তৃণমূলের আইটি সেলের প্রাক্তন ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তাঁর দাবি, দূর-দূরান্ত থেকে আসা দলীয় কর্মী ও নেতাদের হোটেল খরচে সাশ্রয় করতেই এই ব্যবস্থা রাখা হয়েছে। জেলা অফিসগুলিতে শোওয়ার ঘরের পাশাপাশি স্নানঘর ও রান্নাঘরের সুবিধাও থাকে বলে তিনি জানান। তবে পাশাপাশি তিনি এও স্পষ্ট করেছেন যে, রাজনৈতিক দলের এই সাংগঠনিক যুক্তির সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টিকে মেলানো ঠিক নয়। স্কুল বা কলেজে এ ধরনের ঘর পাওয়া গেলে তার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন।