জয়েন্টের রেজাল্ট দেখার সঠিক নিয়ম জানেন তো?
মাত্র ২৬ দিনের রেকর্ড সময়ে আজ প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2026)-এর ফলাফল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ঘোষণা অনুযায়ী, আজ দুপুর দেড়টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। তবে পরীক্ষার্থীরা বিকেল চারটে থেকে বোর্ডের ওয়েবসাইট www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in-এর মাধ্যমে নিজেদের প্রাপ্ত নম্বর ও র্যাঙ্ক কার্ড দেখতে ও ডাউনলোড করতে পারবেন। গত ২৪ মে রাজ্যের ২৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
চলতি বছর রাজ্য জয়েন্টে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে ১ লক্ষ ১ হাজার পরীক্ষার্থী থাকলেও, ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জনে। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর খাতা মূল্যায়ন করে কম সময়ে ফলাফল ঘোষণার ফলে এ বছর উচ্চশিক্ষার ভর্তি প্রক্রিয়া দ্রুত শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পরীক্ষার্থীরা ওয়েবসাইট দুটিতে গিয়ে ‘Download Rank Card for WBJEE 2026’ লিঙ্কে ক্লিক করে অ্যাডমিট কার্ডের নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের র্যাঙ্ক কার্ড সংগ্রহ করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া ও কাউন্সেলিংয়ের জন্য এই র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড ও প্রিন্ট করে রাখা বাধ্যতামূলক।