দিনহাটায় জনরোষের মুখে উদয়ন গুহ, প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ও জুতোবৃষ্টি!
প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার দিনহাটায় নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন। এদিন দিনহাটা থানা থেকে তাঁকে বের করার সময় উত্তেজিত জনতা লক্ষ্য করে পচা ডিম ও জুতো ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রাক্তন মন্ত্রীকে জনরোষ থেকে বাঁচাতে পুলিশ তাঁকে হেলমেট পরিয়ে প্রিজন ভ্যানে তোলে। বিক্ষুব্ধ জনতা এ সময় গাড়িটি আটকানোরও চেষ্টা করে, যা সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়।
বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে কোচবিহার পুলিশ তাঁকে গ্রেপ্তার করার পর সড়কপথে দিনহাটা থানায় নিয়ে আসে। খবর ছড়িয়ে পড়লে থানার সামনে সাধারণ মানুষের ভিড় জমে যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই থানার গেট বন্ধ রাখা হয়েছিল, কিন্তু প্রাক্তন মন্ত্রীকে প্রিজন ভ্যানে তোলার সময় জনরোষ আছড়ে পড়ে। পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে তোলা হয়। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভের ঘটনা বাড়ছে, যা রাজনৈতিক মহলে ‘ডিম থেরাপি’ হিসেবে পরিচিতি পেয়েছে।